রাষ্ট্রের জন্মের চেতনায় অবিশ্বাসীদের জন্য আওয়ামী লীগের দরজা বন্ধ :কাদের

রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরদিনের জন্য বন্ধ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনা ও সাম্প্রদায়িকতা মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের উন্নয়ন অর্জনের প্রধান অন্তরায় সাম্প্রদায়িক শক্তি। এই সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষক বিএনপি। কাক ও কোকিলের পার্থক্য দেখতে হবে। কোনটা দাঁড়কাক আর কোনটা ময়ূর সেটা দেখতে হবে।’

গতকাল বৃহস্পতিবার ওবায়দুল কাদের করোনা মহামারির কারণে সমস্যাগ্রস্ত সাংস্কৃতিকসেবীদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিকসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপকমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতির আত্মা হচ্ছে সংস্কৃতি উল্লেখ করে কাদের বলেন, ‘এই আত্মাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাংলাদেশের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদের আমাদের প্রয়োজন নেই। এদের রুখতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির নেতারা নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। নির্বাচিত হয়ে বিএনপির মহাসচিব সংসদে এলেন না। বিএনপি সংসদ বর্জন করেনি, আরেক জন নির্বাচিত হয়েছেন। বিএনপির মহাসচিব সংসদে এলে তাদের কণ্ঠ উচ্চ হতো। সরকারের সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দিতে পারতেন। তাদের মুখে গণতন্ত্রের কথা ভূতের মুখে রামনাম।’

করোনা পরিস্থিতির বর্তমানে নিম্নগামী প্রবণতা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দুনিয়ায় প্রশংসিত হচ্ছেন একারণে যে, তিনি জীবন ও জীবিকার মধ্যে ভারসাম্য বজায় রেখে করোনা মোকাবিলা করে যাচ্ছেন। প্রথম ঢেউ সফলতার সঙ্গে মোকাবিলা করেছেন। দ্বিতীয় ঢেউ লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, এখন অনেকটা নিম্নগামী। যারা সমালোচনা করছেন, তারা এসব কিছু দেখেন না।’

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্যসচিব ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল। বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।