অ্যালোপ্যাথি চিকিত্সা এবং অ্যালোপ্যাথ চিকিত্সকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার তাকে গ্রেফতার করা নিয়ে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিও বার্তায় তিনি এই চ্যালেঞ্জ করেন। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সরাসরি নাম না বললেও কেন্দ্রীয় সরকারকে টার্গেট করেই তিনি কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি এক ভিডিওতে রামদেব বলেন, চিকিত্সা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গেছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান। করোনা মহামারির মধ্যে এই ভিডিও সামনে আসায় সমালোচনা শুরু হয়। রামদেবকে আইনি নোটিশ পাঠিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) বলেছে, ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানি মামলা করা হবে। যোগগুরুর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করার আর্জি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি দিয়েছে আইএমএ।
এরপরই গতকাল ভিডিও বার্তায় রামদেব বলেন, আমাকে ওদের বাবাও গ্রেফতার করতে পারবে না। ওরা ‘ঠগ রামদেব’, ‘মহাঠগ রামদেব’, ‘গ্রেফতার রামদেব’—সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বার্তা ছড়াচ্ছে। আমার লোকেরা এ সব দেখে অভ্যস্ত।