নাটোরে প্রকৌশলীকে মারধরকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধরকারী নাফিউল ইসলাম অন্তরকে স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল ইসলাম আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক ২৬ মে থেকে নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

গত মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধর,  প্রাণনাশের হুমকি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে অন্তরকে বিবাদী করে মামলা করা হয়। তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তাকে আটক করে পুলিশ। পরদিন পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।