চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের পাঁচ জন দগ্ধ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রতিবেশীরা তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। দগ্ধরা হলেন- মো. রাসেল, তার স্ত্রী নাজু বেগম, তাদের দুই সন্তান লামিয়া ও জিহাদ এবং রাসেলের ভাই শিপন। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক তিন জনের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং শ্বাসনালি পুড়ে গেছে। তবে শিশু দুটি আশঙ্কামুক্ত।  চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিত্সাধীন রয়েছেন।