দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের টিকা

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা। ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। এ নিয়ে দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দেওয়া হলো। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, ফাইজারের ১ লাখ ৬ হাজার ডোজ টিকা আগামী ২ জুন দেশে পৌঁছবে। কোভ্যাক্স থেকে এই টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কোভ্যাক্স থেকে আরো টিকা বাংলাদেশে আসবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। টিকাটি গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহার তালিকায় স্থান পেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ফাইজারের টিকাটি ১২ বছর এবং তার বেশি বয়সি ব্যক্তির জন্য ব্যবহারযোগ্য। দেশে এটি সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে প্রদান করা হবে। টিকাটি দুই ডোজের। প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এর সংরক্ষণ তাপমাত্রা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি। তবে টিকাটি পাঁচ দিন ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২ ঘণ্টা স্ট্যাবল থাকবে।