ইয়াসের ক্ষয়ক্ষতি দেখবেন মোদি

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর ক্ষয়ক্ষতি দেখতে আজ শুক্রবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর তিনি পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুণ্ডায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। গতকাল বৃহস্পতিবার মমতা ব্যানার্জি এই বৈঠকের কথা জানিয়েছেন।

‘ইয়াস’-এর প্রভাবে ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা?? তা নিয়ে রিপোর্ট সংগ্রহ করছে ভারতের কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখবেন ভারতের প্রধানমন্ত্রী। আজ দিনের শুরুতে ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। এরপর হেলিকপ্টারে করে ওড়িশার বালেশ্বর এবং ভদ্রক জেলা পরিদর্শন করবেন। সেখান থেকে যাবেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের পরিস্থিতি দেখতে। তারপর মমতার সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লি ফিরে যাবেন।

উল্লেখ্য, পরিস্থিতি মোকাবিলায় আগাম অর্থ অনুমোদন করেছিল ভারত সরকার। তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেন মমতা। কারণ অগ্রিম দেওয়ার ক্ষেত্রে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যকে ৬০০ কোটি রুপি করে দেওয়া হলেও পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয় ৪০০ কোটি রুপি।

মমতার দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পশ্চিমবঙ্গে কমপক্ষে ১৫ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরিমাণ আরো বাড়তে পারে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১.১৬ লাখ হেক্টর কৃষিজমি। আপাতত পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ১ হাজার কোটি রুপি দেওয়া হয়েছে।