বাইডেনের শাসনে যুক্তরাষ্ট্র-চীন প্রথম বাণিজ্য বৈঠক অনুষ্ঠিতন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে প্রথমবারের মতো বৈঠকে বসেছেন চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ক্যাথেরিন তাই এবং চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। দুই পক্ষই জানিয়েছে, তারা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে।

কিছুদিন আগেও ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের বাণিজ্য সম্পর্কের অবনতি হতে দেখা গেছে। তখন দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় রীতিমতো বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। কয়েক দফা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাথেরিন তাই এবং লিউ বাইডেন-হ্যারিস প্রশাসনের কর্মকেন্দ্রিক বাণিজ্য নীতিমালার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা আরো আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন বলে দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

চীনের বাণিজ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের মধ্যে সাদাসিধে, বাস্তবধর্মী ও গঠনমূলক আলোচনা হয়েছে। একে অন্যের প্রতি সমতা ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাব প্রকাশ করেছেন বলেও উল্লেখ করা হয়। ঐ বিবৃতিতে আরো বলা হয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নকে দুই পক্ষই গুরুত্বের সঙ্গে নিয়েছে। —বিবিসি