বিমান বাহিনী প্রধানের যুক্তরাষ্ট্র সফর শেষে প্রত্যাবর্তন

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার দেশে প্রত্যাবর্তন করেছেন।

যুক্তরাষ্ট্র সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস্ অপারেশন্সের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পেইরি লাকরক্স, ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের ও জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা মিশন সম্পর্কিত সামরিক উপদেষ্টা লে. জেনারেল কার্লোস হামবার্টো লটের সঙ্গে  মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কনটিনজেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়সহ ট্রুপস রোটেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের ব্যবহার, মিশনে নিয়োজিত বিমান বাহিনীর শান্তিরক্ষীদের সুযোগ-সুবিধা, জনবল ও সরঞ্জাম বৃদ্ধি, শান্তিরক্ষীদের কোভিড-১৯ টিকাদান, ইউএএস সংযোজন, অত্যাধুনিক সি-১৩০জে পরিবহন বিমান মোতায়েন ও নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলোচনাকালে তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন এবং শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীদের পেশাদারিত্বের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। —আইএসপিআর