উরুগুয়েকে ১-০ গোলে হারালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেইমারের একমাত্র গোলে উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এ নিয়ে  টানা পাঁচ ম্যাচ জিতলো ব্রাজিল। 

 

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শুক্রবার রাতে প্রীতি ম্যাচে মাঠে নামে দুই  দল। ম্যাচে আটটি হলুদ কার্ডের মধ্যে ছয়টিই ছিল উরুগুয়ের খেলোয়াড়দের বিপক্ষে। নেইমারকে একের পর এক ফাউল করেছে তারা। 

 

প্রথমার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন নেইমার। একবার তার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক। আরেকটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দুটি ভালো সুযোগ পেয়েছিলেন উরুগুয়ের বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজও। দুবারই তাকে গোলবঞ্চিত করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন। 

 

অবশেষে ৭৬ মিনিটে গোলের দেখায় পায় ব্রাজিল। বক্সের ভেতর ম্যানচেস্টার সিটির দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সেলেসাওরা। পেনাল্টি থেকে জয়সূচক গোলটা করেন নেইমার। 

 

ইত্তেফাক/ইউবি