অনেকেই ভাবে আমার টাকার দরকার নেই :ফারিয়া

বিনোদন প্রতিবেদক

 

ফারিয়া শাহরিন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী। নিজের নাটক ও অভিনয় নিয়ে দারুণ এক সময় কাটাচ্ছেন তিনি। সাধারণত অভিনয় বা শোবিজ মিডিয়ায় একটা বিরতি হয়ে গেলে আবার কামব্যাক করাটা সকলের জন্যই কঠিন হয়ে পড়ে। কিন্তু ফারিয়ার কামব্যাকটা ছিল দারুণ সফল পদচারণায়। হালের জনপ্রিয় সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অন্তরা চরিত্র তাকে দারুণ এক উত্সাহের অবস্থানে এনে দিয়েছে। এদিকে এই চরিত্রের পর স্বাভাবিকভাবে নিজে থেকেই একটা চ্যালেঞ্জ অনুভব করছিলেন ফারিয়া। ঠিক তার পরপরই গেল ঈদে মোশাররফ করিমের সঙ্গে ফারিয়া অভিনীত ‘সাদা মানুষ’। এই নাটকটি নিয়ে দর্শক প্রশংসায় ভাসছেন ফারিয়া শাহরিন। এ প্রসঙ্গে ফারিয়া শাহরিন বলেন, ‘আমি বরাবরই দর্শকদের কাছে কৃতজ্ঞ। আমি নিজেও সচেতনভাবেই ভালো কিছু স্ক্রিপ্টে কাজ করার চেষ্টা করছি। নিজের কাজের প্রতি সত্ থেকেছি বলেই হয়তো দর্শকরা এই ভালোবাসা পুরস্কার দিচ্ছে।’

ক্যারিয়ারের শুরুর দিকে চলচ্চিত্রে মনোযোগ দিলেও আপাতত আগ্রহের বাড়িতে চলচ্চিত্রের অবস্থান কোথায়? জানতে চাইলে ফারিয়া বলেন, ‘কাজ তো আমি সব ধরনের করতে চাই। এখন সেখানে ভালো টিম ওয়ার্ক হলে কেন সিনেমাতে কাজ করবো না। আমি ঐ টাপের মেয়ে নই যে বলবো , আপাতত সিনেমা নিয়ে ভাবছি না। আমি সবসময়ই ভালো কাজের জন্য মুখিয়ে থাকি।’

ক্যারিয়ারে এক দুই তিনের রেসে কখনোই ফারিয়া মনোযোগী ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যিকার অর্থেই এই অস্থির দৌড় আমাকে টানেনি। দেখুন, সবার দিন সমান যায় না। আর আজ আমি যদি ঐসব দৌড়ে অংশ নিতাম। তাহলে খারাপ সময়ে আরো মনখারাপ হতো। তাই নিজের স্বাচ্ছন্দ্যে থাকতে ভালোবাসি। নিজের ভালোলাগা থেকে কাজ করে যাই।’ পেশাদারিত্বের জায়গায় ফারিয়া শাহরিন কতটা সচেতন? এমন প্রশ্নে ফারিয়া খানিক মনখারাপ করেই বলেন, ‘দেখুন, অনেকেই ভাবে আমার বোধহয় টাকার দরকার নেই। আমি বাতাস খেয়ে চলি। অথচ আমার নিজের এখনো একটা গাড়িও নেই। বাবা-মা স্বচ্ছল রেখেছেন। একটা ভালো পরিবারের সন্তান আমি। তা নিয়ে আমার সন্তুষ্টি আছে। কিন্তু আমার প্রাপ্য নিয়ে যখন এমন এক্সকিউজ দেয় তখন খুবই খারাপ লাগে।’