রাজধানীতে ফের কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। কদমতলীর শনির আখড়ায় নৃশংস খুনের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে বঙ্গবাজার মার্কেটে ফুটপাতে বসাকে কেন্দ্র করে আখের রস বিক্রেতার লোহার আঘাতে সেলিম চৌধুরী (৫০) নামে এক তরমুজ বিক্রেতা নিহত হয়েছেন। এই ঘটনায় রস বিক্রেতা সুলতানকে (২৫) আটক করেছে পুলিশ।
কদমতলী থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, শনির আখড়ায় কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে নিহত হন আরাফাত ইয়াসিন (১৮)। গত বৃহস্পতিবার রাতে শনিরআখড়া আর এস শপিং কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তাকে শেরেবাংলা হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে শুক্রবার (২৮ মে) সকালে তাকে ফের ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা জানায়, পরিবারের সঙ্গে কদমতলীর পাটেরবাগ আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় থাকতেন আরাফাত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১২ নম্বর কুতুবপুর এলাকায়। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল আয়েশা মোশারফ মার্কেট থেকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় শনির আখড়ার আরএস সুপার টাওয়ারের সামনে ১৫-২০ জনের একটি দল তাকে আটকে মারধর ও ছুরিকাঘাত করে।
নিহতের ভাই আব্দুল হাই সোহেল জানান, রমজান মাসে স্থানীয় কিশোর গ্যাংয়ের দলনেতা প্রিন্সের সঙ্গে থাকা এক কিশোর ধূমপান করছিল। তা দেখে ওই ছেলেকে চড় মারেন আরাফাত। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার প্রিন্স ও শুভসহ অন্যরা তাকে হত্যা করে। চার বোন ও তিন ভাইয়ের মধ্যে ছোট ছিলেন আরাফাত।
পুলিশ জানায়, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরাফাতকে ঘিরে ধরেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাকে মারধর ও ছুরিকাঘাতের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। এতে জড়িতদের নাম-পরিচয় পাওয়া গেছে। এরইমধ্যে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমএএম