করোনাকালেও থেমে নেই সৈয়দপুর রেলকারখানার কাজ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

করোনাকালেও স্বাস্থ্যবিধি মেনে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় ৪০০ কোচ মেরামতের কাজ চলেছে। স্বল্পসংখ্যক শ্রমিক ও সীমাবদ্ধতা সত্ত্বেও রেলকারখানা কর্তৃপক্ষ ওভারটাইম দিয়ে এসব কাজ করছেন। এরই মধ্যে ৩৮০টি কোচ রেলওয়ে পরিবহন বিভাগে হস্তান্তর করা হয়েছে। বাকি কোচ জুনের মধ্যে হস্তান্তর করা বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম জানান, করোনাকালেও মেরামত কাজ থেমে নেই। কঠোর স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কারখানায়। সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছেন। লকডাউনে অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তারা কোনো ছুটি কাটাননি।