ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা
খানাখন্দে বেহাল ধোবাউড়া উপজেলার কলসিন্দুর-শিবগঞ্জ পাকা সড়ক। বড় বড় গর্তের কারণে সড়কটি যেন মরণফাঁদে পরিণত হয়েছে। কোনো কোনো জায়গায় বড় গর্ত হয়ে প্রায় পুকুরে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, আমি বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। কিন্তু কেন এই সড়ক সংস্কার হচ্ছে না বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী শাহিনূর ফেরদৌস বলেন, বন্যা পুনর্বাসন প্রকল্পের আওতায় উক্ত সড়কটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগিগরই বরাদ্দ আসবে।