হুমকিতে ব্রিজ ও কয়েকটি গ্রাম
ফরিদপুর প্রতিনিধি
হঠাত্ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফরিদপুরের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে শহরতলির গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার ১০০ মিটার অংশ ভেঙে পড়েছে। হুমকিতে পড়েছে ব্রিজসহ কয়েকটি গ্রাম। ভাঙন আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাত্ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদীভাঙন দেখা দিয়েছে। এছাড়াও নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় ১০০ মিটার নদীগর্ভে চলে গেছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে আমি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।