বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
বড়াইগ্রামে ক্যারাম খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে শরিফুল ইসলাম নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের দ্বাড়িখৈড় সাহেব বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর জখম শরিফুল ইসলাম দ্বাড়িখৈড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, প্রায় বছরখানেক আগে সাহেব বাজারে ক্যারাম খেলা নিয়ে কয়েক জন যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় শরিফুল ইসলাম একটি দোকানে বসে থাকা অবস্থায় পেছন থেকে পাঁচ-ছয় জন যুবক তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে প্রথমে বড়াইগ্রাম হাসপাতালে এবং পরে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে বড়াইগ্রাম হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শারমিন জাহান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাত ও ডান পায়ের রগ কেটে গেছে। এতে তার এ দুটি অঙ্গ অকেজো হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম জানান, এ ঘটনায় শরিফুলের চাচা মাসুদ রানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে।