বগুড়ায় ডিবির কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি

গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বুড়িগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার শরিফুল ইসলামের বাড়ি শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের চক ঝিনাগ্রামে। ভুয়া গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের নুর ইসলামের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় শরিফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার রাতে নুর ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে বুড়িগঞ্জ এলাকা থেকে শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে সিআইডি ও ডিবি পুলিশের ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে।