সরকারি ক্রয়-বিক্রয় ও উন্নয়ন কাজে স্বচ্ছতা নিশ্চিত করুন

সরকারের সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ। তারা বলেছেন, জাতীয় অগ্রযাত্রা ও স্থিতিশীলতার স্বার্থে আসন্ন বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ প্রয়োজন। বিদেশি ব্যাংকে পাচারকৃত অর্থ ফেরত আনা এবং করোনায় কাজ হারানো শ্রমজীবী-পেশাজীবী ও বিদেশফেরত ১৫ লাখের অধিক মানুষের জন্য বিশেষ প্রণোদনা অতি জরুরি। এছাড়া হঠাত্ করে ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির ঘোষণা মড়ার ওপর খাঁড়ার ঘা বলে জানান তারা। গতকাল শাহবাগে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রিপোর্ট পেশ করেন।

সভার এক প্রস্তাবে বলা হয়, দীর্ঘদিন থেকে দুর্নীতিবিরোধী অভিযানের কথা বলা হলেও সময়ের ব্যবধানে দুর্নীতিবাজরা তাদের অপকর্ম বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে তাদের প্রতিহত করার কেউ নেই। স্বাস্থ্য, শিক্ষা, সরকারি ক্রয়-বিক্রয়সহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে সর্বত্রই দুর্নীতিবাজদের মহাযজ্ঞ চলছে। প্রস্তাবে সরকারের সব কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। সভার অন্য প্রস্তাবে বলা হয়, আসন্ন জাতীয় বাজেটে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের সঙ্গে সব ধরনের কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করা হোক। একই সঙ্গে ইতিমধ্যে পাচারকৃত সব অর্থ বাজেয়াপ্ত ঘোষণা করে দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

সভায় আরো বলা হয়, মহামারি করোনার প্রভাবে ইতিমধ্যে ১৫ লাখের অধিক প্রবাসী শ্রমিক কর্মহীন হয়ে দেশে ফেরত এসেছে। অন্যদিকে ভাসমান শ্রমিকসহ নির্মাণ খাত ও গার্মেন্টস খাতে কোটি কোটি শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। আসন্ন জাতীয় বাজেটে (২০২১-২২) এসব কর্মহীন ও বেকার শ্রমজীবী ও বেকার যুবকদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রস্তাব করা হয়। সভায় ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে অযৌক্তিক বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়। 

সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. সেলুবাসিতের সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন—প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য ও ডা. সারওয়ার আলী। এছাড়াও আলোচনা করেন— প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এম এম আকাশ, ড. সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে আজাদ, জহিরুল ইসলাম জহির, সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট পারভেজ হাসেম, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, ইয়াছরেমীনা বেগম সীমা, কেন্দ্রীয় নেতা বেলায়েত হোসেন, জুবায়ের আলম, বাবলু হাওলাদার, শাহ আলম শাহাপুরী, জাহাঙ্গীর আলম, শাহজালাল আলীফ প্রমুখ।