জীবন বাঁচানো ও ঝুঁকি মোকাবিলার বাজেট চায় বিএনপি

২৪ দফা বাজেট ভাবনা

ইত্তেফাক রিপোর্ট

স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও কোভিড অভিঘাত থেকে উত্তরণে জীবন বাঁচানোর বাজেট চায় বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবারের বাজেট হওয়া উচিত জীবন বাঁচানোর বাজেট। করোনা নিয়ন্ত্রণ না করলে কোনো বাজেটই কাজে আসবে না। হরিলুটকে বৈধতা দিতেই এবারের বাজেটে কালো টাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে। করোনাকালে কারা এত কালো টাকার মালিক হলো, জনগণ তা জানতে চায়। করোনাকালে এত বড় আকারের বাজেট তামাশা ছাড়া কিছু নয়। ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার পাঁচ দিন আগে গতকাল বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব দলের গুলশান অফিসে এক সংবাদ সম্মেলনে ২৪ দফা বাজেট ভাবনা তুলে ধরেন। এ সময় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।