স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
‘ফুটপাতে প্রতিদিন আড়াই লাখ টাকা চাঁদাবাজি’ শিরোনামে গত বৃহস্পতিবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। ঐ দিনই রূপগঞ্জের গাউছিয়ার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ করেছে ভুলতা পুলিশ ফাঁড়ি। এ সময় ফুটপাত ব্যবসায়ীদের ১২টি ভ্যান আটক করা হয়। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ রোপণ ও লোহার রেলিং দিয়েও দলীয় প্রভাবের কারণে ফুটপাত দখলমুক্ত করতে পারেনি প্রশাসন। জানা যায়, রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে ভুলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমীনের নেতৃত্বে গাউছিয়া মার্কেট এলাকার মহাসড়কের দুই পাশের ফুটপাতে অবৈধভাবে দোকান বসিয়ে চাঁদাবাজি করছিল একটি চক্র। এ ব্যপারে ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, ভুলতা গাউছিয়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে আর কোনো ফুটপাত বসতে দেওয়া হবে না। ব্যবসায়ীদের সবাইকে নিষেধ করা হয়েছে। আর নিষেধ অমান্য করে কেউ রাস্তায় দোকান বসালে শাস্তির আওতায় আনা হবে।