ওয়াইল্ড কার্ড পেয়েছেন আব্দুল্লাহেল বাকি

স্পোর্টস রিপোর্টার

অনেক অপেক্ষার পর অবশেষে দেশের তারকা শ্যুটার আব্দুল্লাহেল বাকি টোকিও অলিম্পিকে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। গতকাল সকালে তাঁর নামে ওয়াইল্ড কার্ড এসেছে। বাকি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে লড়াই করবেন। বাংলাদেশ একজন পুরুষ এবং একজন নারী শ্যুটারের নাম দিয়েছিল আন্তর্জাতিক শ্যুটিং ফেডারেশনকে। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের টার্গেট ছিল দুইজন গেলে আরেকটা সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকতো। সে কারণে সৈয়দা আতকিয়া হাসান দিশার নামও বাকির নামের সঙ্গে জুড়ে পাঠানো হয়েছিল। কিন্তু আইওসি সেটা গ্রহণ করেনি। বাকিকে অনুমোদন দিয়েছে। একদিকে শ্যুটিং ফেডারেশন খুশি অন্যদিকে মনটাও একটু খারাপ। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু বলছিলেন একক, দ্বৈত এবং মিশ্র ইভেন্টে লড়াইয়ের সুযোগ ছিল সেটা হলো না।’

এত দিন ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় থাকার অবসান হয়েছে। এবার প্রশিক্ষণে নামবে। সাধারণ সম্পাদক অপু জানিয়েছেন ৬ জন শ্যুটার নিয়ে ক্যাম্প চলছিল। এখন অন্যদেরকে বিদায় দিয়ে রিসালাত এবং বাকি প্রশিক্ষন ক্যাম্পে থাকবেন। কোচের দায়িত্ব পালন করবেন গোলাম শফিউদ্দিন খান শিপলু।