জানুয়ারিতে বিপিএল আয়োজনের আশা

স্পোর্টস রিপোর্টার

গত বছরের শুরুতে ফ্র্যাঞ্চাইজিদের ছাড়াই হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি বছরে বসছে না ঘরোয়া ক্রিকেটের এ আকর্ষণীয় টুর্নামেন্ট। তবে আগামী বছরের শুরুতেই বিপিএল আয়োজনের আশা করছে বিসিবি। আসন্ন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ দিয়ে বিপিএলের পথে এগুতে চায় বিসিবি। নতুন বছরে জানুয়ারিতেই বিদেশি ক্রিকেটার নিয়ে বিপিএল আয়োজন বিসিবির টার্গেট।

এদিকে আন্তর্জাতিক সিরিজের মতোই আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ১২ ক্লাবের ক্রিকেটার, কোচ, কর্মকর্তারা ঢাকার চারটি অভিজাত হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। লিগ জুড়ে সুরক্ষা বলয় কঠোরভাবে পর্যবেক্ষণ করবে বিসিবি। নিয়ম ভাঙলে জরিমানাও হতে পারে ক্লাবগুলোর।

লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মিরপুর ও বিকেএসপির দুই ভেন্যু থেকে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সম্প্রচারের ব্যবস্থা করবে বিসিবি। প্রতিদিন ছয়টি ম্যাচ হবে, সকাল ৯টায় শুরু হবে দিনের প্রথম ম্যাচ।