লক্ষ্মীপুরের কমলনগরে আপন খালু ও চাচাতো ভাইসহ তিন জন মিলে এক কিশোরীকে (১৬) গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকায় সংঘটিত এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হচ্ছেন—একই বাড়ির হোসেন ভান্ডারির ছেলে কিশোরীর চাচাতো ভাই রাজু প্রকাশ গাজী (৩২), একই এলাকার আনার উল্যাহর ছেলে কিশোরীর আপন খালু রমজান আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুল আলীর ছেলে মো. ইউছুফ (৩০)। নির্যাতনে অসুস্থ হয়ে পড়া ঐ কিশোরী লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঐ কিশোরী ঘর থেকে বের হয়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা রাজু, রমজান ও ইউছুফ মুখ চেপে ধরে ঐ কিশোরীকে বাড়ির পেছনে পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে তারা কিশোরীর মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মাখন লাল রায় জানান, শুক্রবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তত্পর রয়েছে।