১৭ দিনে আরো প্রায় ৫০০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২ হাজার ৫১১ জনের। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই গত ১ মে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১২ হাজার পেরিয়েছিল। তার সঙ্গে আরো ৫০০ নাম যুক্ত হতে সময় লাগল ১৭ দিন।
গত এক দিনে আরো ১ হাজার ৩৫৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জন হয়েছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরো ১ হাজার ৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন; এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ২২১ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯৭টি ল্যাবে ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৯ লাখ ১ হাজার ৮৭৪টি নমুনা। শুক্রবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ লাখ ১১ হাজার ৪২২টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৯০ হাজার ৪৫২টি।