ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় পাঁচ তলা একটি ভবনের কিছু অংশ ধসে সাত জন নিহত হয়েছে। থানে জেলার উলহাসনগর শহরের নেহরু চকে শুক্রবার রাতে ঐ ভবনটি ধসে পড়ে। এনডিটিভি
রাতেই ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ছয়টি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছিলেন উদ্ধারকর্মীরা। তখন বলেছিলেন, আরো চার/পাঁচ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। মধ্যরাতের পর আরো একটি মৃতদেহ উদ্ধারের কথা জানান তারা। থানে পৌর করপোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের প্রধান সন্তোষ কদম বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে তিন জন নারী, তিন জন পুরুষ এবং এক কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো ভবনে বসবাস করা দুইটি পরিবারের। ২৬ বছরের পুরাতন ভবনটিতে ২৯টি ফ্ল্যাট ছিল।’
ভবন ধসের বিবরণ দিতে গিয়ে তিনি আরো বলেন, ‘শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে পাঁচ তলা ভবনের সব তলার ড্রইং রুমের স্লাব একটির ওপর আরেকটি ধসে পড়ে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। মধ্যরাতের পর সেখানে উদ্ধার কাজ শেষ হয়।’ রাজ্য সরকার থেকে নিহত প্রতি জনের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।