ফাঁকা গুলিবর্ষণ, পুলিশ মোতায়েন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মো. তোফায়েল আহমেদ আলমাছের মাছিমপুরে অবস্থিত বাড়িতে গত শুক্রবার রাতে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও ফাঁকা গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ঘটনার রাতে ১০০/১২০ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। এ সময় তারা তোফায়েল আহমেদ আলমাছের বড় ভাই রোমান মিয়ার বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
এক পর্যায়ে বাড়ির লোকজনের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। ফিরে যাওয়ার সময় চেয়ারম্যান আলমাছের সমর্থক যুবলীগ নেতা মাছিমপুর গ্রামের দেলোয়ার হোসেন ও আশু মিয়ার বাড়িতে তারা হামলা চালায়। হামলাকারীরা ভাঙচুর চালিয়ে সেখান থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
হামলায় জড়িতদের বিরুদ্ধে পিতা-পুত্র হত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক, মারামারি, সন্ত্রাসী, নারী নির্যাতনসহ রূপগঞ্জ থানায় ২০/২২টি মামলা রয়েছে। এ ঘটনার পরই চেয়ারম্যানের বাড়িতে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসীমউদ্দিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাত সাড়ে ১২টায় সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে আবারও আলমাছের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের প্রতিরোধে সন্ত্রাসীরা পিছু হটে। এক পর্যায়ে ফাঁকা গুলিবর্ষণ করতে করতে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ মো. তোফায়েল আহমেদ আলমাছ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।