পুনর্বাসনের দাবিতে কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্ট শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের জুট প্রেসে কর্মরত শ্রমিকদের উচ্ছেদের পূর্বে পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ ও কাফন মিছিল করেছেন শ্রমিকরা। গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ করেন তারা। কুমুদীনির জুট প্রেসে কর্মরত প্রায় তিন শতাধিক নারী-পুরুষ শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, শহরের খানপুর এলাকায় অবস্থিত কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের জুট প্রেসে প্রায় ৭০০ পরিবার বংশ পরম্পরায় ৭০ বছর যাবত্ কর্মরত ও ট্রাস্টের জমিতে ব্যক্তিগত অর্থ দিয়ে ঘর তুলে বসবাস করে আসছেন। সম্প্রতি কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষ সেখানে ক্যানসার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়ে শ্রমিকদের চলতি মাসের মধ্যে বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ঘোষণা দেন। তবে শ্রমিকদের দাবি, তারা হাসপাতাল প্রতিষ্ঠার পক্ষেই আছেন। তবে উচ্ছেদের পূর্বে তারা পুনর্বাসন চান। একই সঙ্গে শ্রম আইন অনুযায়ী সব ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ারও দাবি জানান তারা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত না করলে কাফনের কাপড় পরেই সড়ক অবরোধসহ রাজপথে অনশন ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শ্রমিকরা। সমাবেশ শেষে নগরীর প্রধান কয়েকটি সড়কে কাফন মিছিল করে শ্রমিকরা। উল্লে­খ্য, গত ফেব্রুয়ারি মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমুদীনি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রস্তাবিত ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।