ক্ষতিপূরণের আলোচনার জন্য এভার গিভেনের মামলার শুনানি পেছালো

গত মার্চে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খালে প্রায় এক সপ্তাহ আটকে ছিল জাপানি জাহাজ এভার গিভেন। যার ফলে অনেক ক্ষতির কবলে পরতে হয়েছে বলে দাবি করেছে মিশরীয় কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষতিপূরণের জন্য জাহাজ মালিকের সঙ্গে তাদের মামলাও চলছে। শনিবার (২৯ মে) মিশরের একটি আদালত মামলাটির শুনানি পিছিয়ে দিয়েছেন। খবর প্রকাশ করেছে ব্লুমবার্গ।

ইসমাইলিয়া শহরের আদালত শুনানি পিছিয়ে আগামী ২০ জুন দিন ধার্য করেছেন। ক্ষতিপূরণের বিষয়ে আলোচনার জন্য আরো সময় দিতেই এ সিদ্ধান্ত। শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন সুয়েজ খাল কর্তৃপক্ষ ও জাহাজ মালিকের আইনজীবীরা।

গত মার্চে অন্তত ছয় দিন খাল আটকে রাখার ঘটনায় এভার গিভেনের কাছে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল। কিন্তু জাহাজে থাকা মালামালের আর্থিক মূল্য বিবেচনায় ক্ষতিপূরণের অঙ্ক ৪০ শতাংশ কমিয়ে ৫৫ কোটি ডলার করা হয়েছে। গত এপ্রিলে এভার গিভেন কর্তৃপক্ষকে ৯১ কোটি ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মিসরের একটি আদালত।

গত ২৩ মার্চ সুয়েজ খাল ধরে এগোনোর সময় দুর্ঘটনার মুখে পড়ে এভার গিভেন। প্রবল ধূলিঝড় ও জোরালো বাতাসে জাহাজটির মুখ ঘুরে গিয়ে খালের মধ্যে আড়াআড়িভাবে আটকে যায়। এর ফলে সাড়ে ৩০০-এর বেশি মালবাহী জাহাজ খালের দু্ই দিকে আটকা পড়ে। এতে দৈনিক এক থেকে দেড় কোটি ডলারের রাজস্ব হারাতে হয়েছে বলে দাবি সুয়েজ কর্তৃপক্ষের।

ইত্তেফাক/টিএ