খন্দকার মাহবুব হোসেন
ইত্তেফাক রিপোর্ট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘বর্তমানে গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। অথচ বিচার বিভাগ এমন একটা অবস্থায় রয়েছে যে, মানুষ বিচার না পেয়ে হতাশার মধ্যে রয়েছে। আমি মনে করি দীর্ঘদিন যদি এ অবস্থা চলে, আর বর্তমানে মামলার যে জট আছে তা দ্রুত যদি নিষ্পত্তি না করা হয়, তাহলে বিচারের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হবে। বিচারের প্রতি যদি আস্থা না থাকে তাহলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে দেশের নিয়মিত আদালতগুলো চালু করতে হবে। যেহেতু গণপরিবহনসহ অন্যান্য প্রতিষ্ঠান চালু করা হয়েছে, এ অবস্থায় বিচার বিভাগকে সংকুচিত করে রাখা উচিত নয়।’ গতকাল বসুন্ধরায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে প্রচুরসংখ্যক মামলা বিচারাধীন। এমনকি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরাও দীর্ঘ দিন ধরে কনডেম সেলে রয়েছে। এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটা কমিশন করা উচিত।
খন্দকার মাহবুব বলেন, বিচার বিভাগের প্রতি যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, দুর্ভাগ্যবশত ততটা গুরুত্ব দেওয়া হয়নি। দেশে জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সেই অনুপাতে বিচারক সংখ্যা অনেক কম। করোনার পূর্বেই বিচার বিভাগ মামলার সংখ্যা নিয়ে একটা সংকটপূর্ণ অবস্থায় ছিল। করোনার পরে দীর্ঘ দিন নিম্ন আদালত ও উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে সেই সংকট আরো ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।
০০