পদ্মার এক বাগাইড়ের দাম ৪৪ হাজার টাকা

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনা নদীর মোহনায় শনিবার ভোররাতে জয়নাল হালদারের জালে সাড়ে ৩১ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। নিলামে উঠলে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা এটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনেন। এ সময় স্থানীয় জনতা মাছটি দেখতে ভিড় জমায়।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘এই বাগাইড় মাছটি আমি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ঢাকায় বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করি। পরে এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ১০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি। কয়েক মাস পরে এমন একটি বড় মাছ পেয়ে ও বিক্রি করে আমি খুবই আনন্দিত।’