আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
জৈষ্ঠের তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে এখন পানিতালের দোকানে বাড়ছে মানুষের ভিড়। অসহ্য গরমে ধনী-দরিদ্র আর শিশু-বুড়ো সব মানুষের কাছে প্রকৃতির উপহার মধু মাসের ফল পানি তালের কদর বেড়েছে। ব্যবসায়ীরাও সুযোগে বাড়িয়ে দিয়েছেন তালের দাম। আগৈলঝাড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার হাটবাজারসহ বিভিন্ন সড়কের পাশে, ভ্যানে করে পাড়া ও মহল্লায় ঘুরে ঘুরে অস্থায়ীভাবে বিক্রি হচ্ছে পানিতাল। পানিতাল বিক্রেতা মো. রশিদ মোল্লা জানান, প্রতি বছরের মতো এ বছরও তিনি গ্রামের বিভিন্ন বাড়ি ঘুরে পানি তাল কিনে তা হাট-বাজারে বিক্রি করছেন। এবার গরম বেশি হওয়ায় এবং কোনো রকম ফরমালিন বা মানবদেহের ক্ষতিকারক কিছু মেশানো সম্ভব নয় বলে পানিতালের চাহিদা বেড়েছে বহু গুণ। তিনি আরো জানান, শ্রমিক দিয়ে গাছ থেকে তাল কাটতে খরচ বেড়েছে। তারা গাছ থেকে প্রতিটি তাল পাইকারি হিসেবে কিনছেন চার থেকে পাঁচ টাকায়। এর পর প্রতি গাছের পানিতাল কাটাতে শ্রমিককে দিতে হয় ২০০ থেকে ৩০০ টাকা। প্রতিটি পানিতাল বিক্রি করছেন আট থেকে ১০ টাকায়।