চুয়াডাঙ্গায় করোনায় আরো এক জনের মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মান্নান (৫০)। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. এস এস এম ফাতেহ আকরাম বলেন, বৃহস্পতিবার আব্দুল মান্নান জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। ঐদিন সংগৃহীত নমুনায় শুক্রবার তার করোনা শনাক্ত হয়। শনাক্তের পর আব্দুল মান্নানকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮টায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭ জনে।
হতদরিদ্রদের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ
রাজবাড়ী প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষ্যে রাজবাড়ীর পাঁচ উপজেলার হতদরিদ্র ১০ জনকে ভ্যান, ১০ জনকে সেলাই মেশিন ও চার জনকে রিকশা বিতরণ করা হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব চত্বরে এসব বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ সময় রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
দলিল লেখক সমিতির কমিটি অনুমোদন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে হুমায়ুন কবীর কাজলকে সভাপতি ও শের-ই আলমকে সাধারণ সম্পাদক করে শনিবার উপজেলা দলিল লেখক সমিতির ২৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সুপারিশে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি খোরশেদুর রহমান বকুল, জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
ভ্রাম্যমাণ করোনা ক্যাম্পিং উদ্বোধন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা করোনা প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিবগঞ্জে শনিবার ভ্রাম্যমাণ করোনা ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সায়রা খান। উপজেলার কানসাট গোপালনগর মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে শনিবার মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্ত ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
ভাঁরশো ইউপির বাজেট ঘোষণা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দার ভাঁরশো ইউনিয়নের ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, মির্জা বাচ্চু বেগ, ভাঁরশো ইউপির সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ। এ সময় ৩ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৭৩৮ টাকার বাজেট ঘোষণা করেন ভাঁরশো ইউপি সচিব প্রদীপ কুমার মন্ডল।
আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে শোভাযাত্রা
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে শনিবার আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে পিসকিপার্স শোভাযাত্রার উদ্বোধন করেন ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ। পরে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনাসভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
০০