ইত্তেফাক রিপোর্ট
স্মলক্যাপ প্লাটফরমে (এসএমই বোর্ড) শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চায় কর্ণফুলী মাস্টারব্যাচ অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কেএমপিআই)। এজন্য প্রতিষ্ঠানটির সঙ্গে মার্চেন্ট ব্যাংক বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। তারা কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করবে। গত বৃহস্পতিবার বিএমএসএল ইনভেস্টমেন্টের মতিঝিলের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএসএল ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক মো. রিয়াদ মতিন, কর্ণফুলী মাস্টারব্যাচ অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরমান পাশা, পরিচালক মাসুম শাহরিয়ার ও কোম্পানির উপদেষ্টা নূরুল হক। এ প্রসঙ্গে রিয়াদ মতিন বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্মলক্যাপ প্লাটফরম চালু করেছে। এটি একটি ভালো উদ্যোগ। বিএসইসির এই উদ্যোগকে সফল করতে এসএমই উদ্যোক্তাদের নিয়ে আসার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রথম অনুমোদন পাওয়া কোম্পানি ব্যাপক সাড়া পেয়েছে। তাই আমরা এসএমই বোর্ডকে গতিশীল করতে বিএসইসির সহায়ক হিসেবে কাজ করছি।