ইত্তেফাক রিপোর্ট
দেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চলতি ২০২০-২১ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) লক্ষ্যমাত্রার প্রায় ৬৫ শতাংশ অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ২০২০-২১ অর্থবছরে বৈদেশিক উত্স থেকে ৭৪১ কোটি ডলার বা প্রায় ৬৩ হাজার কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে এপ্রিল পর্যন্ত ১০ মাসে মোট ৪৮১ কোটি ৯৬ লাখ ডলার ছাড় হয়েছে। এর মধ্যে ৪৬৭ কোটি ৭১ লাখ ডলার ছাড় হয়েছে প্রকল্প সহায়তা হিসেবে, বাকি ১৪ কোটি ৯৫ লাখ ডলার অনুদান হিসেবে।
ইআরডির তথ্যানুযায়ী, এই ১০ মাসে এককভাবে সবচেয়ে বেশি ১২৯ কোটি ডলারের বেশি ছাড় করেছে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা)। বিশ্বব্যাংক ছাড় করেছে ৯৪ কোটি ১৮ লাখ ডলার। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ছাড় করেছে ৭৭ কোটি ৮৮ লাখ ডলার। এছাড়া রাশিয়া ৭৭ কোটি ৫৬ লাখ ডলার, চীন ৪৬ কোটি ৬৮ লাখ ডলার এবং ভারত ছাড় করেছে ৯ কোটি ৯০ লাখ ডলার।
ইআরডির তথ্যানুযায়ী, এই ১০ মাসে উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা মিলিয়ে নতুন করে আরো ৫২৭ কোটি ৫৪ লাখ ডলারের বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। এর মধ্যে ৪৬৮ কোটি ২৩ রাখ ডলার ঋণ হিসাবে এবং ৫৯ কোটি ৩১ লাখ ডলার অনুদান হিসাবে।
এদিকে আসছে নতুন অর্থবছরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈদেশিক উত্স হতে ৮৮ হাজার ২৪ কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ২০২১-২২ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মূল এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উত্স (জিওবি) হতে অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বাকিটা বৈদেশিক উত্স হতে জোগাড় করার লক্ষ্য রয়েছে। সে হিসাবে নতুন অর্থবছরে বৈদেশিক সহায়তা আহরণ বাড়াতে হবে ২৫ হাজার কোটি টাকার বেশি।