কবে ফিট হবেন হাসান মাহমুদ?

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ড থেকে গত মার্চের শেষ দিকে ইনজুরি নিয়ে দেশে ফিরেছিলেন ফাস্ট বোলার হাসান মাহমুদ। বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে জানা গেছে, ফ্যাসিট জয়েন্ট ইনজুরি ভোগাচ্ছে এ তরুণকে। তিনবার স্ক্যান করেও কিছু ধরা পড়েনি। কিন্তু ব্যথাও যায়নি হাসানের। স্ক্যানে কিছু ধরা পড়েনি বলেই রিহ্যাবের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চলছে। রিহ্যাবের কাজেও দৃশ্যমান ফল আসছে না। কারণ গত দুই মাস ধরে রিহ্যাব চলছে, কিন্তু খেলার জন্য ফিট হতে পারেননি ২১ বছর বয়সি এ পেসার। জাতীয় দলের পুলের ক্রিকেটার হলেও উন্নত চিকিত্সার কথা ভাবছে না বিসিবি।

বিসিবি সূত্রে জানা গেছে, নিউজিল্যান্ড থেকে ফিরে জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো দ্রুতগতির এ পেসারকে বলেছেন, তুমি সুস্থ, কোনো সমস্যা নেই, রিহ্যাবের কাজগুলো করো, ঠিক হয়ে যাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের আগে হাসানের চিকিত্সা দিতেই অস্বীকৃতি জানিয়েছেন ক্যালেফাতো। কারণ হাসান এখন জাতীয় দলে নেই। এমনকি ব্যথার কথা বললে হাসানের মানসিক সমস্যা আছে বলেও মন্তব্য করেছেন তিনি। ক্রিকেটের চেয়ে অন্য খেলায় কাজের অভিজ্ঞতা বেশি ফিজিওথেরাপিস্ট ক্যালেফাতোর। বিসিবি সূত্র জানায়, ২০১৯ সালের আগস্টে নিয়োগ পাওয়া এ ফিজিও কাজটা খুব উপভোগ করছে না। অচিরেই বিসিবির চাকরি ছেড়ে দিতে পারেন তিনি। ইনজুরির কারণে হাসান মিস করেছেন শ্রীলঙ্কা সফর এবং হোম সিরিজ। এখন আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও খেলা হচ্ছে না তার। লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্স পাবে না ডানহাতি এ পেসারকে।

বর্তমানে মিরপুর স্টেডিয়ামের পাশে নারী ক্রিকেটারদের জন্য বিসিবির ভাড়া করা একটি ফ্ল্যাটে থেকেই রিহ্যাবের কাজ করছেন হাসান। বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল এ প্রসঙ্গে বলেছেন, ‘হাসান মাহমুদের রিহ্যাব চলছে। আমরা তিনটা স্ক্যান করেছিলাম, কিছুই পাওয়া যায়নি। তাই বড় কিছুর আশঙ্কা করছি না। তবে ওর ব্যথা যায়নি। এখন রিহ্যাব চলছে, রিহ্যাবের মাধ্যমেই ফিট হবে।’