শিশুদের সামনে ধূমপান পরিহার করুন

শিশুরা অনুকরণপ্রিয়। চোখের সামনে ঘটা ঘটনাগুলো পুনারাবৃত্তি করার মধ্যেই তারা খুঁজে পায় আনন্দ। এ বয়সে তারা ফলাফল সম্পর্কে থাকে পুরোপুরি অনবগত। প্রায়ই লক্ষ করা যায় যে অনেকেই শিশুদের সামনে নির্দ্বিধায় ধূমপান করছে। বড়দের এরকম কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড শিশুদেরও ধূমপানে অনুপ্রাণিত করে। অনেক সময়ই শিশুদের বিড়ি-সিগারেটের উচ্ছিষ্ট অংশ নিয়ে ধূমপানের ভান করতে দেখা যায়। ছোটবেলায় বিড়ি-সিগারেটের প্রতি এই আগ্রহই বড় হয়ে তাদের নেশায় পরিণত হয়। আর ধূমপানের ফলে সৃষ্ট বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত মানুষজন পরবর্তী সময়ে পরিবার, সমাজ ও দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তাই শিশুদের সামনে ধূমপান পরিহারের পাশাপাশি তারা যেন কোনোভাবেই এতে আকৃষ্ট না হয় সেজন্য সবার সতর্ক থাকা অতীব জরুরি। 

মো. রাসেল মিয়া

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া