তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি ও তার মিত্রদের নিজেদের দলে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আপনারা সব সময় সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন, কিন্তু নিজের দলের মধ্যেই কোনো ঐক্য নাই। বিএনপিকে অনুরোধ জানাবো সব দলের ঐক্য নয়, আগে নিজের দলের ঐক্য প্রতিষ্ঠিত করুন।’ মন্ত্রী আরো বলেন, ‘বিএনপির নেতারা নাকি বলেছেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অথচ বিএনপির জন্মটাই হয়েছে অগণতান্ত্রিকভাবে।’ ড. হাছান মাহমুদ গতকাল বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের রাঙ্গুনিয়ায়ও দেখুন বিএনপি তিন ভাগে বিভক্ত, কেন্দ্রীয়ভাবেও বিএনপির একনেতা একটি কথা বলেন, কিছুক্ষণ পর আরেক নেতা আরেক কথা বলেন, এভাবে তাদের নিজেদের মধ্যেও ঐক্য নাই। তারা আবার সব দলের ঐক্যের কথা বলেন।’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বদলে গেছে, স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছে। খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। একই সঙ্গে এই করোনাকালেও বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, পাকিস্তানকে আমরা অনেক আগেই ছাড়িয়েছি, বর্তমানে আমাদের মাথাপিছু আয় ভারতকেও ছাড়িয়ে গেছে।