নওগাঁয় রেস্টুরেন্ট থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার এক বাবুর্চি পলাতক

নওগাঁ শহরে ‘ইডেন এন্ড চাইনিজ’ রেস্টুরেন্টের ভেতর থেকে নৈশপ্রহরী আতাউর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রাজশাহী সিআইডি ফরেনসিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে সহকারী বাবুর্চি মো. বাদল পলাতক রয়েছে।

আতাউর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চক মোহিতুল গ্রামে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাদলের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, প্রায় পঁচিশ বছর আগে মুক্তির মোড়ে রেস্টুরেন্ট প্রতিষ্ঠার সময় থেকে আতাউর রহমান সেখানে কাজ করে আসছেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও আতাউর ও বাদল রেস্টুরেন্টের তিন তলায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে রেস্টুরেন্টের প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম রেস্টুরেন্টের রুমের ঘরে তালাবদ্ধ দেখতে পান। এরপর অনেক ডাকাডাকির পরও রুমের দরজা না খোলায় এক পর্যায়ে দরজার বাইরে চাবি পড়ে আছে দেখতে পান। চাবি দিয়ে ঘর খুলে মেঝেতে আতাউরের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। ঘটনাটি দ্রুত রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জানালে থানায় সংবাদ দেওয়া হয়।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, রাজশাহী সিআইডির ফরেনসিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থলে তদন্ত শেষে নৈশপ্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পলাতক বাদলকে আটকের জন্য অভিযান চলছে। তাকে আটক করা গেলে প্রকৃত কারণ জানা যাবে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।