বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে অসহায় গরিব ও পথশিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। গতকাল শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর হর্টিকালচার-সংলগ্ন এলাকায় জেডআরএফের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে মোহাম্মদপুর টাউন হল মার্কেট এলাকা, ধানমন্ডির তাকওয়া জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট মাজার, দোয়েল চত্বর এবং কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে চার শতাধিক গরিব মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।