আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ছিলেন মানবিক গুণসম্পন্ন একজন আধুনিক মানুষ। মানবিক মূল্যবোধ আর ব্যক্তিত্ব খসরুকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। শুধু রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডেই নয়, পারিবারিক জীবনেও তিনি ছিলেন উদার আর কর্তব্যপরায়ণ। দলমত নির্বিশেষে সবার যোগ্য নেতা ছিলেন তিনি। নিজ নির্বাচনি এলাকায় ভোটের মাধ্যমে তিনি অক্লান্তভাবে মানুষের ভালোবাসা পেয়েছেন। তার কাছে এসে ফিরে যাননি কেউ, সহায়তা পেয়েছেন সবসময়। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা ও নাগরিক সমাজের আয়োজনে সদ্যপ্রয়াত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাগরিক সমাজের সভাপতি ব্যারিস্টার সোহরাব হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।