রিকশাচালক সাবেক ছাত্রলীগ নেতা ফারুকের খবর নজরে আসার পর গতকাল শনিবার প্রধানমন্ত্রীর তরফ থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা উপহার দিয়েছেন নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। তার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় দুই আলোচিত রাজনীতিকসহ আওয়ামী লীগের অনেক নেতা।
ফারুকের ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে একসময় কণ্ঠ মিলিয়েছেন ছাত্রলীগের শত শত নেতাকর্মী। বিএনপি-জামায়াতের শাসনামলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করেছেন। সহ্য করতে হয়েছে জেল-জুলুম-নির্যাতন। নানা প্রতিকূলতার কারণে শেষ করতে পারেননি লেখাপড়া। নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, স্থানীয় ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী ‘দাপুটে ছাত্রলীগ নেতা ফারুক এখন রিকশাচালক’ শিরোনামে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
জেলা প্রশাসক বলেন, ‘আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফারুককে একটি ব্যাটারিচালিত রিকশা উপহার দিয়েছি। তার পারিবারিক সমস্যা খতিয়ে দেখে সহযোগিতা অব্যাহত রাখা হবে।’
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা বলেন, ‘আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা কিনে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে নোয়াখালীর জেলা প্রশাসক আজকে তার কাছে অটোরিকশাটি হস্তান্তর করেন।’
ফারুকের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। ফারুককে সহযোগিতার আশ্বাস দিয়েছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও গোলাম রাব্বানী।