আর্টকনের আয়োজনে গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে স্বনামধন্য শিল্পী রনি আহম্মেদের ‘নূর’ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী। ‘নূর’ প্রদর্শনীটি রনি আহম্মেদের আধ্যাত্মিক জগতের শৈল্পিক প্রকাশ। বস্তুত, ‘নূর’ হলো সেই চিরন্তন সত্তা, যা কাল, প্রেক্ষিত বা কোনো নির্দিষ্ট ভাষার ওপর নির্ভর করে না। রনি আহম্মেদের কাজগুলো কাল ও স্থানের বেষ্টনীকে সহজেই অতিক্রম করে যদিও তার শিল্পভাষা সমকালীন ও আধুনিক। সুফি দর্শনে এই ‘নূর’-এর সন্ধান পাওয়া যায় মহান আল্লাহ্ ও রসুলের (সা.) প্রতি পুরোপুরি নিবেদন ও অনুরাগের মধ্য দিয়ে। শিল্পী রনি আহম্মেদ এই আলোর সন্ধানেই তার ব্যক্তিজীবন উত্সর্গ করেছেন। প্রায় এক দশকের সুফিবাদ চর্চা তার শিল্পীভাবনায় প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। তার এই সময়ের চর্চা অতীতের রীতির চেয়ে স্পষ্টতই ভিন্ন। এই রূপান্তর, তার আলোর পথে যাত্রার এক শৈল্পিক প্রকাশ বর্তমান প্রদর্শনীতে রয়েছে।
প্রদর্শনীতে মোট ৪৮টি চিত্রকর্ম ও পাঁচটি ইনস্টলেশন/ভাস্কর্য স্থান পেয়েছে। এছাড়াও শিল্পী রনি আহম্মেদ নির্মিত ‘তাসলিমার বাগান’ শিরোনমে একটি ভিডিও চিত্র উপস্থাপন করা হয়েছে এ প্রদর্শনীতে। করোনা পরিস্থিতি এবং লকডাউন বিবেচনায় প্রদর্শনীটি আর্টকন-এর উপস্থাপনায় অত্যাধুনিক থ্রিডি প্রযুক্তিতে নির্মিত ভার্চুয়াল রিয়্যালিটি ট্যুরের মাধ্যমে যে কোনো স্থান থেকে, যে কোনো সময়ে দেখা সম্ভব এই লিংকে গিয়ে artcon.com.bd/vr/ronni। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।