সিলেটে গতকাল শনিবার দফায় দফায় ভূমিকম্প হয়েছে। এতে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে একদিকে করোনা অন্যদিকে ঘন ঘন ভূমিকম্পের বিষয়টি সিলেটবাসীকে নতুন শঙ্কায় ফেলেছে। কারণ স্মরণকালের মধ্যে একই দিনে বারবার এভাবে ভূমিকম্প আগে এখানে হয়নি বলে জানান নগরীর প্রবীণরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বিকালে সিলেট সিটি করপোরেশন নগর ভবনে জরুরি সভায় বসে। এদিকে কয়েক দফা ভূমিকম্পের পর সিলেট নগরীর পনিটোলা এলাকায় দুটি ভবন হেলে পড়ার সংবাদ আসার পর রাতেই লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ নিয়েছে সিটি করপোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরী এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন।
জানা গেছে, সিলেটের জৈন্তা অঞ্চলেই ভূমিকম্পের উত্পত্তিস্থল। সরকারি হিসাবে শনিবার সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়। সিলেটের জেলা প্রশাসক কাজী এমদুদুল হক ইত্তেফাককে বলেন, বেলা ২টা পর্যন্ত চারবার সিলেটে ভূমিকম্প হয়েছে। কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার।
সিলেটের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। তবে আশার কথা সিলেটের ভিতরে কোনো ফাটল নেই। যদিও মিয়ানমার ও ডাউকী এলাকায় ফাটল রয়েছে। তিনি জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রা, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা ও বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্পে সমগ্র সিলেট কেঁপে ওঠে। সিলেটে একই দিন পাঁচ-সাত বার ভূমিকম্প হয়েছে এমন খবর প্রচার হওয়া সম্পর্কে এই আবহাওয়াবিদ বলেন, রিখটার স্কেলে ২ মাত্রার নিচে ভূমিকম্প হলে আমরা তা হিসাবে নেই না। তবে নগরের একাধিক বাসিন্দা বলেছেন, তারা সাত বার ভূকম্পন টের পেয়েছেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করে রাখা উচিত।
সিলেটে এমন আর কখনো হয়নি, যদিও সিলেট অঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে। বিশেষ করে তিনটি প্লেটের সংযোগস্থল বাংলাদেশে। সংশ্লিষ্টরা বলেছেন, যেহেতু সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ, সেজন্য সতর্ক থাকতে হবে। তাছাড়া ঐ অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস আছে।
ভূমিকম্প মোকাবিলায় ব্যবস্থা
নেওয়ার আহ্বান
সম্ভাব্য ভূমিকম্পের দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ও জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, যেহেতু সিলেট ভূমিকম্পপ্রবণ অঞ্চল, সেক্ষেত্রে দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মন্ত্রী ও জেলা প্রশাসনকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি।