‘ওয়ার্ক ফ্রম হোম’ করবে কলকাতা পুলিশ

কলকাতায় চলছে লকডাউন। এসময় থানার ওসিরা যাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি বসে কাজ করতে পারেন- সে বিষয়ে এগিয়ে এসেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। শনিবার (২৯ মে) তিনি কলকাতা পুলিশের সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, ওই বৈঠকেই তিনি ‘বাড়ি থেকে কাজ’ চালু করার কথা বলেন। শুধুমাত্র থানার ওসি ও অতিরিক্ত ওসি সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন।

এসব তথ্য জানিয়েছে আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, পুলিশ কমিশনার উদ্যোগী হলেও বাড়ি থেকে পুলিশ কী ভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কেউ কেউ জানান, বাড়ি থেকে কাজ করার মতো পরিকাঠামো নেই। এ ছাড়া দরকারি নথিপত্রও বাড়িতে পাওয়া যাবে না। কমিশনার যদিও জানিয়ে দেন, কর্পোরেট সংস্থাগুলো অনেক দিন ধরেই কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে। তা হলে কলকাতা পুলিশে তেমনটা চালু করতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি কর্মকর্তাদের দ্রুত এই বিষয়ে ভাবনাচিন্তা করে পদক্ষেপ করতে বলেছেন।

ইত্তেফাক/এসএ