যাত্রাপথে স্বস্তি দিচ্ছে দোলনচাঁপা

  তাহসিন আহমেদ

 

জীবিকা, শিক্ষা এবং বিভিন্ন উদ্দেশ্যে নারীদের প্রতিনিয়ত ঘর থেকে বের হতেই হচ্ছে। নগরীতে যাতায়াতের জন্য সাধারণ মানুষের কী পরিমাণ ভোগান্তি সহ্য করতে হয় তা সবারই জানা। বিশেষ করে নারীদের জন্য যাতায়াতটা তুলনামূলক বেশি কষ্টকর। গণপরিবহনের নারীদের এই তিক্ত অভিজ্ঞতা লাঘব করতে ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস একটি চমত্কার ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ। প্রতিদিনের ভিড় ঠেলে নারীদের গণপরিবহন ব্যবহার করার দুঃসহ ব্যাপারকে সহনীয় করতেই দোলনচাঁপার পথচলা।

গণপরিবহনে ভোগান্তি ও হয়রানি দূর করে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিতে নারীদের বাস হিসেবে দোলনচাঁপার সেবার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ঢাকা শহরে চারটি বাস এবং ৯ জন কর্মী নিয়ে সেবা দিচ্ছে দোলনচাঁপা পরিবহন। এই করোনাকালে পরিবহনের বাড়তি অসুবিধা সুস্পষ্ট। তাই করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পথচলা নিশ্চিতের ব্যাপারে দোলনচাঁপা বিশেষ গুরুত্ব দিচ্ছে।

পরিবহন ব্যবস্থাকে আরো সহজতর করতে এবং সব তথ্যাদি হাতের মুঠোয় আনতে ‘দোলনচাঁপা অ্যাপ’ চালু করা হয়েছে। দোলনচাঁপা অ্যাপের মাধ্যমে বাসের রুটগুলো, বাসের লোকেশন, রুটের ভাড়া ইত্যাদি জানা যায়। এছাড়া জরুরি নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য সেবা নেওয়ার সুবিধাও আছে এই অ্যাপে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে দোলনচাঁপার প্রচারণার মাধ্যমে এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে অবগত করতেও সক্রিয় এর কর্তৃপক্ষ।

দোলনচাঁপার ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী বলেন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য নারীদেরই সবার প্রথম এগিয়ে আসা উচিত। ‘দোলনচাঁপা’ বাসে যখন নারীরা ভ্রমণ করে তাদের মুখে একটা স্বস্তি লক্ষ্য করা যায়। সেই বিষয়টি বিবেচনা করে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত ও পথচলা আরো কীভাবে সহজ ও সুন্দর করা যায় সে বিষয়ে আমরা আরো পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।