২০২০ সালে করোনা উপলক্ষ্যে সরকার নানা রকম সহযোগিতার পাশাপাশি সাংবাদিকদের ১০ কোটি টাকা প্রণোদনা প্রদান করে। সাংবাদিক ইউনিয়নের মাধ্যমে এই প্রণোদনার টাকা দেওয়া হলেও দেশের সব সাংবাদিক পাননি। সাংবাদিক ইউনিয়ন শুধু বিভাগীয় শহর পর্যায়ে রয়েছে এবং সেখানে কর্মরত সাংবাদিকরা এর সদস্য। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নিয়ন্ত্রক। চলতি ২০২১ সালে দ্বিতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) থেকে অনুদানের জন্য নির্ধারিত আবেদনপত্রে বিভাগের পরে শুধু জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। এতে করে সারা দেশে উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা এই প্রণোদনা থেকে প্রতিবারই চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এছাড়া সরকারি প্রায় সব সহযোগিতা ও সুবিধা থেকে উপজেলা পর্যায়ের বা মফস্সল সাংবাদিকরা বরাবরই বঞ্চিত হয়ে আসছেন। অথচ ‘কমিনিটি জার্নালিজমে’ প্রকৃত ভূমিকা পালনসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার ও প্রকাশ এবং করোনা মোকাবিলায় উপজেলা পর্যায়ের সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এ অবস্থায়, প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কর্মরত সাংবাদিকদেরও করোনাকালীন প্রণোদনা প্রদানের ব্যবস্থা বিনীত আবেদন জানাচ্ছি।
দীপক কুমার কর
সাবেক সভাপতি, রায়গঞ্জ প্রেসক্লাব,
রায়গঞ্জ, সিরাজগঞ্জ