ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. রবিউল ইসলাম হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার ইকড়ি-আতরখালীর মিলন হাওলাদারের বাড়ির সামনের গার্ডার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। রবিউল উপজেলার ৪ নম্বর ইকড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. শহিদুল ইসলামের ছেলে এবং সিংহখালী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।

রবিউলের মামা মো. সিদ্দিকুর রহমান জানান, করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনমজুর বাবার সংসারের হাল ধরতে স্থানীয় ইকড়ি বাজারে শরিফ ডেকরেটরে শ্রমিকের কাজ করত রবিউল। প্রতিদিনের মতো গতকাল সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে ইকড়ি-আতরখালীর জনৈক মিলন হাওলাদারের বাড়ির সামনে একটি গার্ডার ব্রিজের কাজ চলছিল। এ সময় কিছু বেকু দিয়ে মাটি কাটায় কিছু রাস্তা বন্ধ ছিল। পরে মাটির স্তূপের ওপর দিয়ে রাস্তায় আসার সময় পল্লী বিদ্যুতের কাভার ছাড়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায় রবিউল।

পল্লী বিদ্যুতের আবাসিক ইঞ্জিনিয়ার সচিন্দ্র নাথ রাহা জানান, কোনো এলাকায় নির্মাণাধীন কাজ চলমান হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিতভাবে বিদ্যুত্ বিভাগকে অবহিত করতে হয়। পরে বিদ্যুত্ বিভাগ তাদের একটি ডকুমেন্ট প্রদান করে; কিন্তু ঐ ঠিকাদার আমাদেরকে অবহিত করেন নাই। নির্মাণাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়াউল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বলা হয়, তারা বিদ্যুত্ বিভাগকে মৌখিকভাবে অবহিত করেছেন। কাজ চলাকালীন বিদ্যুত্ বন্ধ ছিল। প্রাথমিক কাজ শেষ হওয়ার পরে বিদ্যুত্ লাইন সচল করা হয়। এদিকে রবিউলের মৃত্যুতে মা হেলেনা বেগম, বাবা শহিদ ও খালার আহাজারিতে বাড়িতে মাতম চলছে।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, পরিবার, স্বজন এবং এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত করা হয়নি।