মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রয়াত সভাপতি আয়শা খানমকে সুবর্ণজয়ন্তী সম্মাননা প্রদান

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ মহিলা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে  প্রয়াত সভাপতি আয়শা খানমকে সুবর্ণজয়ন্তী সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার অনলাইনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। সভার শুরুতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী সুরাইয়া বেগম এবং রোকেয়া সদনের শিক্ষার্থীরা। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মালেকা বানু।

সম্মাননাপত্র পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সীমা মোসলেম। ‘মহিলা পরিষদের ৫০ বছরের পথচলা এবং বাংলাদেশের নারী আন্দোলনের ভবিষ্যত্’ বিষয়ক একক বক্তৃতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও লেখক মফিদুল হক। রোকেয়া সাখাওয়াত্ হোসেনের লেখা থেকে পাঠ করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম। প্রয়াত সভাপতি আয়শা খানমের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন তার একমাত্র কন্যা ঊর্মি খান এবং ননদ সৈয়দা মনিরা আক্তার খাতুন।