স্বরূপকাঠিতে খাল ভরাট করার দায়ে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে খাল ভরাট করে দখল করার দায়ে সোহাগ নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। সোহাগ উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের মো. হালিম মিয়ার ছেলে। থানাপুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলার পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি এলাকায় অভিযান চালিয়ে ইমারত নির্মাণ আইনে সোহাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ভরাটকৃত বালু অপসারণের নির্দেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।