এক্সিম ব্যাংকের আরো ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ইত্তেফাক রিপোর্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে গতকাল রবিবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানান। এর আগে চলতি বছরের ২১ মার্চ ব্যাংকটির ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছিল বিএসইসি। অর্থাত্ দুই মাসের ব্যবধানে ব্যাংকটির দুটি বন্ড অনুমোদন দিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। নতুন অনুমোদন দেওয়া বন্ডের বিষয়ে বিএসইসির মুখপাত্র জানান, এক্সিম ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউর্ড, নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট, মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। সাব-অর্ডিনেটেড বন্ডটির কুপন হার ইসলামি ব্যাংকগুলোর স্থায়ী আমানত হিসাবের লভ্যাংশের ছয় মাসের গড়ের সঙ্গে অতিরিক্ত মার্জিন দুই শতাংশ যোগ করে নির্ধারণ করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এক্সিম ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা কল্যাণ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড কাজ করছে।