ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে ‘ডেভেপলমেন্ট চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমাদ কায়কাউস। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ্য সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমনন্ত্রীর কার্যালয়ের সচিব মো তোফাজ্জল হোসেন মিয়া এবং বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। উল্লেখ্য, ১১৫০ একর আয়তন সমৃদ্ধ বেপজা অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাইতে অবস্থিত। এখানে বিনিয়োগকারীদের শিল্প কারখানা স্থাপনের জন্য বাঁধসহ প্রয়োজনীয় অবকাঠামো যেমন, রাস্তা, পানির লাইন, বিদ্যুত্ লাইন স্থাপন কাজ সমাপ্ত প্রায়। পবন চৌধুরী বলেন, করোনাকালেও বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণে সমর্থ হয়েছে। শুধু গত বছরেই বেজা ৬শ কোটি ডলার সমপরিমাণ বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। অচিরেই বেজার অর্থনৈতিক অঞ্চলগুলোতে অবস্থিত বেশ কিছু কারখানা পুরোদমে উত্পাদনে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।